প্রকাশিত: Fri, Jan 19, 2024 5:57 AM
আপডেট: Sun, Sep 20, 2026 12:15 PM

[১]টিআইবি গণতন্ত্রবিরোধী শক্তিকে অস্ত্র দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যা বলছে আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যা বলছে; তার মধ্যে ভাষার দিক থেকে মিল আছে বলে মনে হচ্ছে। বিএনপি নেতাদের বক্তব্য পরিশীলিত করেই যেনো টিআইবি তাদের প্রতিবেদন তৈরি করেছে। 

[৩] তিনি বলেন, টিআইবি নির্বাচনবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তির সহায়ক শক্তি হিসেবে কাজ করবে না, এটাই আমাদের প্রত্যাশা। 

[৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  বলেন, টিআইবির প্রতিবেদন নিয়ে অনেক প্রশ্ন শুনেছি। বেশ কয়েকবার ফোন পেয়েছি। টিআইবির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তারা কোনো গবেষণা না করেই প্রতিবেদন প্রকাশ করে।

[৫] পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি ও অন্যান্য দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে অবাধ ও সুষ্ঠু বলে বর্ণনা করেছেন।

[৬] তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী বাতিলসহ কঠোরভাবে আইন প্রয়োগ ও অন্যান্য ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন বলিষ্ঠ ভূমিকা দেখিয়েছে। টিআইবির প্রতিবেদনে ইসির প্রচেষ্টার কোনো মূল্যায়ন করা হয়নি।

[৭] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

[৮] বুধবার এক সংবাদ সম্মেলনে টিআইবি তাদের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল একতরফা; তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চেহারা দেখানো হয়েছিল। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সদ্য সমাপ্ত নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য এটি একটি অশনিসংকেত। সম্পাদনা: ইকবাল খান